মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন আরও ২৬’হাজার ২২৯’পরিবারকে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ২১’শে জুলাই বৃহস্পতিবার ঘরগুলো হস্তান্তর করবেন তিনি। একইসাথে পঞ্চগড় ও মাগুরার সব উপজেলাসহ ৫২টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত হিসেবে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।
ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে বিনামূল্যে জমি ও ঘর পাচ্ছেন আরো ২৬’হাজারের বেশি মানুষ। ফরিদপুরের ৯টি উপজেলায় গৃহহীনের সংখ্যা ৪৫৩’জন। অনানুষ্ঠানিকভাবে পাওয়া জমিতে এরই মধ্যে তারা লাগিয়েছেন গাছ-পালা। কেউ বা লালন পালন করছেন হাঁস-মুরগি। এবার আনুষ্ঠানিকভাবে জমি বুঝে নেয়ার পালা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের ৩ হাজার ৫৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। আগের চেয়ে বরাদ্দ বেশি থাকায় এবারের ঘরগুলো টেকসই হবে বলে দাবি প্রশাসনের।
এদিকে, দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হতে যাচ্ছে মাগুরা ও পঞ্চগড়। দুই শতক জমির ওপর বসবাসের ঘর এবং খালি জায়গায় সবজি চাষ করার সুযোগ পাচ্ছেন সেখানকার আশ্রয়প্রাপ্তরা। প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগসহ বসানো হয়েছে নলকূপ। বগুড়ার নন্দীগ্রাম ও দুপচাচিয়ার অসহায়, নিঃস্ব ১৭৮টি পরিবারও পাচ্ছে আজীবন নিজের বাড়িতে থাকার সুযোগ। পরিবার-পরিজন নিয়ে মাথা গোজার ঠাঁই পেয়ে খুশি লক্ষ্মীপুরের ৩ হাজার ২২৮ পরিবার। প্রতিটি ঘর তৈরিতে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।














