
সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সিলেটে পৌঁছান। হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকায় ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী।
হেলিকপ্টার থেকে লো-ফ্লাই মুডে সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পর সেখান থেকে সিলেটের সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। সেখানে বিভাগীয় ও জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বন্যাদুর্গত এলাকা নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী।
সিলেট ও সুনামগঞ্জের ওপর দিয়ে বয়ে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। দুই জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা তলিয়ে গেছে পানিতে। সোমবার পর্যন্ত পানিবন্দি আছেন অন্তত ৫০ লাখ মানুষ। বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। আজ দুপুর ১’টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, দুটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনে নের হন। একটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, একান্ত সচিব-১, ব্যক্তিগত চিকিৎসক, এডিসি ও বিটিভির ক্যামেরাম্যান যান।
আরেকটি হেলিকপ্টারে তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী, পানি সম্পদ উপমন্ত্রী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আহমদ হোসেন ও সুজিত রায় নন্দী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, পিজিআরের কমাণ্ডার, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১, এসএসএফের ৪ জন এবং মিডিয়া সদস্য ৪ জন রয়েছেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























