জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেনের সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে জনপ্রতিনিধিদের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৩ এপ্রিল) বিকেলে এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।এদিকে রোববার দুপুরে ইউএনও ইয়ামিন হোসেন ‘উপজেলা প্রশাসন সদর’ নামের ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকাল সোয়া ১১টা থেকে বেলা দুইটার মধ্যে সদর উপজেলার রামরাইল,সাদেকপুর, সুহিলপুর ও মজলিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের কাছে ইউএনও’র ক্লোন করা নম্বর থেকে ফোন করে বিভিন্ন প্রকল্পের জন্য টাকা দিতে বলা হয়। এরই মধ্যে রামরাইলের ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বিকাশে ৪০ হাজার টাকা পাঠান। পরে তিনিসহ বাকি জনপ্রতিনিধিরা বিষয়টি ইউএনও’কে জানান। সদর উপজেলার রামরাইল ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ইউএনও স্যারের নম্বর থেকে আমাকে ফোন করে অনুষ্ঠানের কথা বলে ৫০ হাজার টাকা চাওয়া হয়। পরে আমি ১১টা ১৮ মিনিটে ৪০ হাজার টাকা বিকাশ করে পাঠাই। পরে আবার ফোন করে এক লাখ টাকা চাওয়া হয়। তখন আমার সন্দেহ হয়। কেন টাকা দিলেন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলায় ইউএনও স্যার অনেক সময় অনুষ্ঠান করে থাকেন, তখন আমরা অংশগ্রহণ করি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন বলেন, এ ঘটনায় আমি বিব্রত। আমার নম্বর ক্লোন করে কলগুলো করা হয়েছে। বিষয়টি জানার পর সবাইকে সতর্ক থাকতে বলেছি। এর আগেও আমার নম্বরটি ক্লোন হয়েছে। এ বিষয়ে সদর থানায় জিডি করার প্রস্তুতি সম্পন্ন করেছি।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে