বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটিকে রাজনীতির বাইবেল হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। এমন একটি নির্জলা ইতিহাস শিক্ষার্থী-শিক্ষক সকলের জন্য পাঠ অত্যন্ত জরুরি বলেও তাঁরা মনে করেন।

দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ, ২০২২) সন্ধ্যায় ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেজ্ঞ মোকাবিলার সক্ষমতা অর্জনে সহায়ক ইঞ্জিনিয়ারিং অনুষদ চালুর জন্য কাজ করা হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে বেরোবি উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

একুশে পদকপ্রাপ্ত লেখক ও গবেষক অ্যাডভোকেট এস. এম. আব্রাহাম লিংকন বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী রাজনীতির বাইবেল। এমন নির্জলা ইতিহাস শিক্ষার্থী-শিক্ষক সকলের জন্য পাঠ অত্যন্ত জরুরি।  তিনি বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার সকল গৌরবময় আন্দোলন ও ইতিহাসকে জানার জন্য বার বার পড়ার মতো একটি ঐতিহাসিক দলিল। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে আমাদের। এজন্য তরুণ প্রজন্মকে ইতিহাসের চর্চার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানের চর্চা করার আহবান জানান।

বেরোবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী ও বেরোবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায়, কর্মচারী ইউনিয়নের সভাপতি মাহবুবর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ ভুঁইয়া প্রমুখ ।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশানুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব সৈয়দ আনোয়ারুল আজিম।আলোচনা অনুষ্ঠানের পর স্বাধীনতা দিবস ২০২২ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘সুবর্ণপাঠ’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাশির আয়োজন করা হয়।

দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। সকাল সাড়ে ৯টায় উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে স্বাধীনতা স্মারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন আবাসিক হলে শিক্ষার্থীদের বিশেষ খাবার দেওয়া হয়।আলোকসজ্জাসহ বিভিন্নভাবে ক্যাম্পাস সাজানো হয়।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে