
করোনার কারনে সারাদেশে প্রায় ৩৯’দিন পর তুলে নেওয়া হলো সরকার আরোপিত বিধিনিষেধ। গত ১৩’ই ফেব্রুয়ারি বিধিনিষেধ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২১’শে ফেব্রুয়ারি রাত ১২’টা পর্যন্ত বিধিনিষেধ কার্যকর করার কথা বলা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছিল, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের জারি করা সব বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে দুটি শর্ত সংশোধন করে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে গত ১০ই জানুয়ারি সারাদেশে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। যা ১৩ই জানুয়ারি থেকে কার্যকর হয়। নতুন বছরের প্রথম ওই বিধিনিষেধে ১১টি নির্দেশনা দেওয়া হয়েছিলো।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১শে জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। প্রথম দফায় এই ছুটি শেষ হওয়ার কথা ছিল ৬ই ফেব্রুয়ারি। কিন্তু পরে তা ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। ফলে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এক্ষেত্রে যেসব শিক্ষার্থী করোনা প্রতিরোধী টিকার দুই ডোজ নিয়েছেন তারা সশরীরে ক্লাস করতে পারবেন। অন্যদের অনলাইন ক্লাসে যুক্ত থাকবে। এদিকে, বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে গত রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী ২২শে ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধ উঠে যাচ্ছে। নতুন করে আর বিধিনিষেধ দেওয়া হবে না বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























