বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীদের উপর হামলায় গত ১১ বছরে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবালের উপর শনিবারের হামলার ঘটনায় জড়িতদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা না গেলেও এর আগে বেশ কয়েকদফা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম তাকে হুমকি দিয়েছে।

২০১৬ সালের ২৩শে এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে রাজশাহীর শালবন এলাকায় গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।২০১৪ সালের ১৫ই নভেম্বর দুপুরে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একে এম শফিউল ইসলাম। তিনি প্রগতিশীলতা ও গানের চর্চা করতেন। এ ঘটনায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।

২০০৬ সালের পহেলা ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের। দু’দিন পর ক্যাম্পাসের বাসার পাশের ম্যানহোলের ভেতরে তাঁর লাশ পাওয়া যায়।এছাড়া ২০০৪ সালের ২৪শে ডিসেম্বর ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকায় সকালে হাঁটতে বের হয়ে খুন হন অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুস।

এর আগে, ২০০৪ সালের ২৭শে ফেব্রুয়ারী অমর একুশে গ্রন্থমেলা থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় মারাত্নক আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন আজাদ। ওই বছর ১২ই আগষ্ট উন্নত চিকিৎসার জন্য জার্মানি যাওয়ার পর সেখানেই মারা যান হুমায়ুন আজাদ।

ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে