কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলসহ দুই জনকে হত্যা মামলায় প্রধান আসামি শাহ আলম পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয়েছে।বুধবার রাত দেড়টার দিকে চানপুর রত্নাবতী গোমতি বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।
এসময় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কর্মকর্তারা জানান, কয়েকজন অস্ত্রধারী গোমতী বেড়িবাঁধে অবস্থান করছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়।
পরে, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শাহ আলমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, এই মামলার আসামি সাব্বির এবং সাজন পুলিশের সাথে গোলাগুলিতে মারা যায়।গত ২২ নভেম্বর বিকালে কুমিল্লা শহরের পাথুরিয়াপাড়ায় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের সিমেন্টের দোকান থ্রি স্টার এন্টারপ্রাইজে হামলা চালায় একদল মুখোশধারী। সেখানে থাকা সোহেল এবং তার সহযোগী ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হরিপদ সাহাকে তারা গুলি করে হত্যা করে। খুনিদের এলোপাতাড়ি গুলিতে আহত হন আরও চারজন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল ২০১২ ও ২০১৭ সালে কাউন্সিলর নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি প্যানেল মেয়র ছিলেন।পরদিন সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ১১ জনের নাম উল্লেখ করে সেখানে অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে