বাংলাদেশ থেকে আকাশপথে পণ্য পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা যেকোনো সময় প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
এ সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্ট তার দেশ। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার প্রশংসা করেন বরিস জনসন। তিনি আশ্বাস দেন, সমস্যা সমাধানে মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে কথা বলবেন।
বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু নির্বাচনের পক্ষে তার দেশের অবস্থানের কথাও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এর আগে দুপুরে দুদিনের সফরে ঢাকা পৌঁছান তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বরিস জনসন।
শনিবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন তিনি। সেখান থেকে যাবেন মিয়ানমার। দেশটির নেতাদের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করার কথা রয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর।
আন্তর্জাতিক ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























