বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারত থেকে দেশে আনা হয়েছে। তার মরদেহ বহনকারী বিমানের একটি ফ্লাইট বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দরে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট নওশাদের মরদেহ বহনকারী বিমানের বিজি-০০২৬ ফ্লাইটটি সকাল ৯টা ১১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভারতের নাগপুর থেকে সকাল পৌনে ৮টার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হয়।বিমানবন্দর থেকে উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসায় নেয়া হয়েছে নওশাদের মরদেহ। বাসার নিচতলায় গোসল শেষে নওশাদের মরদেহ দেখার সুযোগ পাবে স্বজনরা।বিমান সূত্র জানায়, বিমানের দোহাগামী বোয়িং ৭৩৭-৮০০ ময়ূরপঙ্খী ফ্লাইট দেশে ফেরার পথে ভারতের নাগপুরে থামে। সেখান থেকে ফ্লাইটটি ক্যাপ্টেন নওশাদের মরদেহ নিয়ে দেশে আসে।

ফ্লাইটটি অবতরণের আগেই নওশাদের সহকর্মীরা বিমানবন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। বিমান অবতরণের পর তার সহকর্মীরা কফিনটি কাঁধে করে নামান। একটি মঞ্চে কফিনটি রাখা হয়। সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বিমানের এমডি ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল শ্রদ্ধা জানান। বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন, ইউএস-বাংলা এয়ারলাইনসসহ অন্যদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

নাগপুরের কিংসওয়ে হাসপাতালে কয়েক দিন চিকিৎসাধীন ক্যাপ্টেন নওশাদকে সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।গত শুক্রবার সকালে ওমানের মাসকাট থেকে ফ্লাইট পরিচালনা করে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েন নওশাদ। এ সময় তিনি কো-পাইলটের কাছে বিমানটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন।এমন পরিস্থিতিতে বিজি-০২২ ফ্লাইটটি ভারতের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওই ফ্লাইটে যাত্রী ছিলেন ১২৪ জন। পরে জানা যায়, নওশাদের হার্ট অ্যাটাক হয়েছে।ওই রাতেই বিকল্প পাইলট ও ক্রু পাঠিয়ে বোয়িং ৭৩৭-৮০০উড়োজাহাজটি ঢাকায় ফিরিয়ে আনা হয়। আর নওশাদকে ভর্তি করানো হয় নাগপুরের কিংসওয়ে হাসপাতালে।

এর আগে ২০১৬ সালের ২২ ডিসেম্বর ঝুঁকিপূর্ণ একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করিয়ে দেশে-বিদেশে প্রশংসিত হন পাইলট নওশাদ। বিজি-১২২ ফ্লাইটটিতে ১৪৯ যাত্রী, ৭ ক্রু ও দুজন কো-পাইলট ছিলেন। বলতে গেলে নওশাদের দক্ষতায় বেঁচে যায় তাদের জীবন।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে