রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে একটি রুটের সব বাস কোম্পানিকে একটি প্লাটফর্মে আনতে চায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ। আর এই লক্ষ্যে বিমানবন্দর থেকে সায়েদাবাদ পর্যন্ত সড়কে ১৭ কিলোমিটার সড়কে শুরু হচ্ছে পাইলট প্রকল্প বাস্তবায়ন ২০১৯ সালের শেষে।
রাজধানীতে ২৮৯ রুটে চলছে সাড়ে চার হাজার বাস। দেড় কোটি মানুষের এই শহরে পরিবহন স্বল্পতায় প্রতিনিয়ত চলছে যাত্রী ভোগান্তি। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ বলছে, এক রুটে একাধিক কোম্পানির বাস চলায় সড়কে ফিরছে না শৃঙ্খলা।গণপরিবহনের সেবা নিশ্চিতে বিমানবন্দর থেকে সায়েদাবাদ পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কের সব বাসকে ফ্রাঞ্চাইজির আওতায় আনছে ডিটিসিএ। এর সুফল মিললে পুরো শহরকে ছয় করিডোরে ভাগ করে দেয়া হবে ছয়টি ফ্রাঞ্চাইজির কাছে। তখন ২৮৯ থেকে রুট কমে দাঁড়াবে ৯০-এ। এক রুটে চলবে শুধু একটি ফ্রাঞ্চাইজির বাস।
আর এই লক্ষ্যে পাইলট প্রকল্প শুরু করতে ১০৫টি আর্টিকুলেটেড বাস কেনার প্রস্তাব ডিটিসিএ-র। তবে বাসের মালিকানা প্রশ্নে বাস মালিকদের সঙ্গে রয়েছে মতবিরোধ। নিজেদের পছন্দ মতো বাস কিনে, মালিকানাও নিজেদের কাছেই রাখতে চান পরিবহন ব্যবসায়ীরা।পুরো রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে ফ্রাঞ্চাইজির আওতায় আনা গেলে ঘণ্টায় অন্তত ১০ হাজার যাত্রী পরিবহন সম্ভব বলেও জানাচ্ছে পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।
ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্স নিউজ














