আবার শুরু হলো গণটিকার নিবন্ধন। বুধবার সকাল ১০টা থেকে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারছেন ৩৫ বছরের বেশি বয়সী যে কেউ। এই তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগামী সপ্তাহ থেকেই টিকা পাবেন নিবন্ধিত ব্যক্তিরা।
যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে ২৫ লাখ টিকা পেয়েছে সরকার। চীন থেকে এসেছে আরো ২০ লাখ। এছাড়া, সিনোফার্ম ও ফাইজারের আরো ১২ টিকা হাতে আছে সরকারের। সব মিলিয়ে গণটিকা শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ।
প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, সুরক্ষা অ্যাপে এসেছে বেশ কিছু পরিবর্তন। শিক্ষার্থী ও প্রবাসীসহ অগ্রাধিকার তালিকায় যুক্ত করা হয়েছে আরো কয়েকটি জনগোষ্ঠীকে। বয়সসীমা ৪০ থেকে করা হয়েছে ৩৫। সব ধরনের প্রস্তুতি শেষ। এখন চলছে ট্রায়াল।
মডার্না ও সিনোফার্মের টিকা রাখা হয়েছে মহাখালী ইপিআই স্টোরে। বুধবার থেকে টিকার জন্য সারা দেশে প্রশিক্ষণ শুরু হবে। পরের দিন টিকা পাঠানো হবে সারা দেশে। ১২টি সিটি করপোরশনে মডার্না ও জেলা উপজেলায় দেয়া হবে সিনোফার্মের টিকা। আগামি সপ্তাহে টিকা পাবেন নিবন্ধিত ব্যক্তিরা।
সুরক্ষা অ্যাপে আগে থেকেই নিবন্ধিত হয়ে আছেন প্রায় ১৫ লাখ মানুষ। টিকায় অগ্রাধিকার পাবেন তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























