
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার ১’লা জুলাই থেকে শুরু হল সাত’দিনের জন্য সর্বাত্মক লকডাউন। এই লকডাউনে জরুরি কারণ ছাড়া ঘর থেকে বের হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মঙ্গলবার (২৯’শে জুন) সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও বুধবার(৩০’শে জুন) ১’লা জুলাই থেকে ৭’ই জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে উল্লেখ করা হয়েছে। ওই তথ্য বিবরণীতে বলা হয়েছে, সরকার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং জনসাধারণ ও যানবাহন চলাচলে বন্ধে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে শুধুমাত্র জরুরি পরিষেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঘরে বাইরে গেলে থাকতে হবে জরুরি কোনো কারণ।
আরও বলা হয়েছে, এসময় কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ ছাড়া আর কেউ ঘরের বাইরে গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। লকডাউনের সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখা সহ যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো সরকার কার্যকর করবে। তবে, বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হবে। লকডাউনের সময় সবাইকে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১২ জন। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ১৪ হাজার ৩৮৮ জন মারা গেলেন।
তথ্য বিবরণীতে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বলা হয়েছে, লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।
সর্বশেষ তথ্য অনুযায়ী, খুলনা বিভাগেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে কোভিড রোগীর সংখ্যা ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত সোমবার সকাল ৬টা থেকে সীমিত পরিসরে লকডাউন (বিধিনিষেধ) শুরু হয়েছে। এই বিধিনিষেধ বুধবার পর্যন্ত বহাল থাকবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














