রাজধানীতে সুপেয় পানির দুষ্প্রাপ্যতার সুযোগে প্লাস্টিক কন্টেইনার ভর্তি অনিরাপদ জারের পানির রমরমা ব্যবসা। অনিরাপদ পানি পান করে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অচিরেই এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দেশে স্বাস্থ্যঝুঁকি কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। অস্বচ্ছ ও প্লাস্টিকের কন্টেইনারে ভর্তি করে মিনারেল ওয়াটার নামে বিক্রি করা হচ্ছে এ পানি। ওয়াসার সাপ্লাই পানি জারে ভরে হরহামেশাই সরবরাহ করছে অসাধু ব্যবসায়ীরা। ফলে নামে ফিল্টার্ড বা পরিশোধিত পানি হলেও বাস্তবে এসব পানিতে থাকে বিভিন্ন ধরনের জীবাণু। ভোক্তাদের সচেতনতার পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মান নিয়ন্ত্রণ না করে জারের পানি বিক্রি বন্ধে পল্টন ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়েছে বিএসটিআই। অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। প্রায় চার হাজার জার জব্দ করে ধংস করে বিএসটিআই। সোমবার সকালে থেকে চলা এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা সিদ্দিকা বেগম। অনুমোদন না থাকা ও সঠিকভাবে মান নিয়ন্ত্রণ না করার অভিযোগে বিভিন্ন অফিসে পানির জার সরবরাহে নিয়োজিত ছয়টি ভ্যানও জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন থাকলেও দুটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লোগো ব্যবহার না করায় জরিমানা করা হয়। সচেতন বৃদ্ধি করতে এধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিএসটিআই।
ডেস্ক রিপোর্ট, বিডি টাইম্স নিউজ














