
বাংলাদেশে জরুরিভাবে ব্যবহার হতে যাচ্ছে চীনের সিনোফার্ম টিকা। আগামী ১৫’দিনের মধ্যে উপহার হিসেবে আসছে ৫’লাখ ডোজ। এরপর দুই মাসের মধ্যে আরও আসবে। ছয় মাসের মধ্যে এদেশে উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
ভারত থেকে অক্সফোর্ডের টিকা আসতে দেরি হওয়ায় বিকল্প উৎস খোঁজা শুরু হয়।তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাশিয়ার স্পুটনিক ফাইভের পর সিনোফার্ম টিকার অনুমোদন দিল সরকার। ৩৫টির বেশি দেশে দেয়া হচ্ছে চীনের এই টিকা।বিশেষজ্ঞরা বলছেন, সিনোফার্ম টিকার কার্যকারিতা ৭৯ ভাগ।
ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, চীন থেকে উপহারের যে পাঁচ লাখ টিকা আসবে তা থেকে এক হাজার মানুষকে প্রয়োগ করে পর্যবেক্ষণে রাখা হবে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, একই সাথে চীন ও রাশিয়ার টিকা দেশে উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইনসেপ্টা, পপুলার ও হেলথকেয়ারের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। ঐ দেশগুলোর প্রতিনিধিদল কারখানা পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ভারতকে টিকার জন্য অগ্রিম টাকা দেয়া হলেও পাচ্ছে না বাংলাদেশ। তাই জরুরি ভিত্তিতে রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেয়া হয়েছে। দেশের অন্তঃত ১৩’কোটি মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। তাই টিকা উৎপাদনকারী সকল দেশের সাথে কূটনৈতিক তৎপরতা চলছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























