বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। দুদিনের সফরে আজ শুক্রবার সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন। সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বহনকারী বিমানটি পৌঁছায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেখানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে দশ দিনব্যপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ, তাঁর স্ত্রী রাশিদা খানম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং তাঁর স্ত্রী ফাজনা আহমেদ অনুষ্ঠানে যোগ দেন।

১০’দিনের অনুষ্ঠানের প্রতিপাদ্য হলো ‘মুজিব চিরন্তন’, তবে প্রতিদিনের জন্য আলাদা আলাদা প্রতিপাদ্য নেওয়া হয়েছে। অনুষ্ঠানসূচির অংশ হিসাবে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আগামীকাল সকাল ১১ টায় সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন, দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন দুপুর তিনটায় হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্সিয়াল স্যুইটে মহিন্দা রাজাপাকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বেলা সাড়ে ৪ টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বল রুমে বাংলাদেশ প্রধানমন্ত্রীর আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশ ভোজে যোগ দেবেন।

শনিবার সকাল ১০ টায় মহিন্দা রাজাপাকসে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি যাদুঘর পরিদর্শন করবেন এবং সেখানে দর্শনার্থীর বইতে স্বাক্ষর করবেন। সকাল ১০টা ২০ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। সকাল ১১.৪০ টায় দুই সরকার প্রধানের উপস্থিতিতে দু’দেশের মধ্যে বেশ কয়েকটি স্মারক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সন্ধ্যা ৫ টায় বঙ্গভবনের ক্রেডিশিয়াল হলে বাংলাদেশের রাষ্ট্রপতি মো আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সেখানে দর্শনার্থীর বইতে স্বাক্ষর করবেন। এছাড়া নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী ১০ দিনের উদযাপনে যোগ দিতে ২২ মার্চ দু’দিনের সফরে ঢাকা আসবেন এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ এখানে পৌঁছে ২৭ মার্চ ঢাকা ত্যাগ করবেন।/ বাসস

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে