হুইলচেয়ারে করেই বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ (১৪ মার্চ) রোববার বিকেলে কলকাতায় নিজ দল তৃণমূল কংগ্রেসের মিছিলে অংশ নেন তিনি। এ সময় দেওয়া বক্তব্যে মমতা বলেন, বাংলাকে ঘিরে যে চক্রান্ত হচ্ছে তা নস্যাৎ করা হবে। এদিকে ভোট চাইতে পশ্চিমবঙ্গ ও আসাম সফর করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নির্বাচনী আসন নন্দীগ্রামে আহত হওয়ার পর সাময়িক বিরতি নিয়ে ফের ভোটের ময়দানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। চিকিৎসকদের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই রোববার প্রচারে নামেন মমতা। তৃণমূল কংগ্রেসের মিছিলে হুইলচেয়ারে করেই অংশ নেন তিনি। এ সময় মিছিল ঘিরে নেওয়া হয় কড়া নিরপত্তা ব্যবস্থা। এতে দলের বহু নেতাকর্মী-সমর্থক যোগ দিয়েছেন।রোববার বিকেলে কলকাতার মেয়ো রোড থেকে হাজরা পর্যন্ত মিছিলে অংশ নেওয়ার পর দেয়া বক্তব্যে মমতা বলেন, পশ্চিমবঙ্গকে নিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রয়োজনে হুইলচেয়ারে করে পুরো বাংলা ঘুরবেন তিনি। সোমবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এই পাঁচ জেলায় সফর করবার কথা রয়েছে মমতার।

এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোট চাইতে পশ্চিমবঙ্গ ও আসাম সফর করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার পশ্চিমবঙ্গের খড়গপুরে দলীয় সমাবেশে অংশ নেন বিজেপির শীর্ষ এই নেতা। এরইমধ্যে বিধানসভা নির্বাচনে দলটির অধিকাংশ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সবশেষ ঘোষণা অনুযায়ী, তালিকায় আছেন একঝাঁক তারকা ও সাংসদদের মতো হেভিওয়েট প্রার্থীরা।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে