উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রত্যর্পণে যুক্তরাষ্ট্রের আবেদন খারিজ করে দিয়েছে লন্ডনের আদালত। তার মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা করার ঝুঁকি বিবেচনায় সোমবার এই রায় দেয়া হয়েছে।ডিস্ট্রিক্ট জাজ ভ্যানেসা বারাইতসার জানান, মার্কিন প্রসিকিউটররা অ্যাসাঞ্জের প্রত্যর্পণে উপযুক্ত কারণ দেখাতে পারলেও, তার আত্মহত্যার চেষ্টা ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। তিনি বলেন, অ্যাসাঞ্জের নিজের ক্ষতিসাধন এবং আত্মহত্যার ভাবনা রয়েছে বলে প্রমাণ রয়েছে।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওল্ড বেইলি কোর্টে অ্যাসাঞ্জের মামলার শুনানি হয়।এই শুনানি উপলক্ষে সকাল থেকেই অ্যাসাঞ্জের সমর্থকেরা আদালতের বাইরে জড়ো হন। তারা সেখানে স্লোগান দিচ্ছিলেন, ‘অ্যাসাঞ্জের মুক্তি দিন’। যদিও তাকে জামিন দেওয়া হবে কি না, তা নিয়ে রাতে সিদ্ধান্ত হওয়ার কথা।এ ছাড়া এই শুনানির আগে জার্মানি ও জাতিসংঘের এক বিশেষ দূত মানবাধিকার ইস্যুকে সামনে এনে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কারণ অ্যাসাঞ্জের শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে এবং করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকিও তুলনামূলক বেশি তাঁর।
প্রায় এক দশকের বেশি সময় ধরে অ্যাসাঞ্জের বিচার চলছে। তিনি ও তার আইনজীবীরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অবশেষে আজ তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার বিষয়ে আদালেতের সিদ্ধান্ত এল। যদিও আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল হতে পারে।এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে, বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ফাঁস হয় উইকিলিকসে। এসব তথ্য পরে বিশ্ব গণমাধ্যমে আসলে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র।
অ্যাসাঞ্জের বিরুদ্ধে আইন লঙ্ঘণের অভিযোগ আনে ওয়াশিংটন। গ্রেপ্তার এড়াতে ৭ বছর ব্রিটেনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন অ্যাসাঞ্জ। গত বছরের ১১ এপ্রিল লন্ডন পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমান লন্ডনে তার বিচার চলছে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























