ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজারে রাতের আঁধারে দোকানের দরজা কেটে কয়েক লাখ টাকার মালামাল লুটের আলোচিত ঘটনার তিন মাস পর চক্রের হোতাসহ ঘটনায় জড়িত তিন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ৩০ ডিসেম্বর (বুধবার) দিনগত রাতে চট্টগ্রাম শহরের পতেঙ্গা-বড়পোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ফটিকছড়ি থানা পুলিশের একটি চৌকস টিম।

গ্রেপ্তারকৃত হলেন- কুমিল্লা জেলার বাসিন্দা মামুন (৩২), বাদশা (৩০) ও আলমগীর হোসেন (২৭)। তারা তিনজনই দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের পতেঙ্গা এলাকায় বসবাস করে আসছে উল্লেখ করে ফটিকছড়ি থানা পুলিশ জানায়- এ চোর চক্রের মূলহুতা মামুন। চক্রটিতে ২০/২৫ জন সদস্য রয়েছে। মূলত তারা দিনের বেলায় বিভিন্ন এলাকায় ঘুরে দোকান চিহ্নিত করে রাতে টার্গেট অনুযায়ী চুরি সংঘটিত করে। একই কায়দায় সম্প্রতি ফটিকছড়ির বিবিরহাট বাজারের ‘মেসার্স এমরান এন্ড সন্স’ নামে একটি দোকানের মালামাল লুট করে নিয়ে যায় গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে অভিযানের নেতৃত্ব দেওয়া ফটিকছড়ি থানার উপ পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ বলেন, ‘তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আমরা আলোচিত ঐ চুরির ঘটনায় ৩ চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন- ঐ চুরির ঘটনায় ব্যবহৃত পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। এদিন লুট হওয়া মালামালও উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাতে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট কোর্টের পাড় এলাকায় ‘মেসার্স এমরান এন্ড সন্স’ নামের একটি হার্ডওয়্যার দোকানের দরজা কেটে পিকআপ ভ্যানে করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় পরদিন সকালে দোকানের মালিক নয়ন বাদী হয়ে অজ্ঞাত আসামী করে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। অবশেষে তিন মাস পর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হয়েছে পুলিশ।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে