পিকে হালদারের ৭০ থেকে ৮০ জন বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ৩ জানুয়ারি হাইকোর্টকে অবহিত করবে দুদক।রোববার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য জানান।
আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, পিকে হালদারের গ্রেপ্তারি পরোয়ানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অর্থপাচারের বিষয়ে আমরা আরো কিছু তথ্য পেয়েছি।তিনি বলেন, দুদকের অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, তিনি অবিবাহিত। তিনি ৭০ থেকে ৮০ জনের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠিয়েছেন।
প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে ৩ হাজার ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগ।ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যানসিয়াল সার্ভিসেস লিমিটেড, ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং ও রিলায়েন্স ফাইন্যান্সের টাকা আত্মসাৎ করে পাচার করেছেন তিনি। দুদক মামলা করলে দেশ থেকে পালিয়ে যান পিকে হালদার।
এরই মধ্যে গ্রেপ্তার না করার শর্তে দেশে ফেরত এসে পাওনাদারদের টাকা ফেরত দিতে করা আবেদনও হাইকোর্ট নাকচ করে দেয়। তবে তাকে গ্রেপ্তারে দুদকের পদক্ষেপ কি সে বিষয়ে শুনানি চলমান রয়েছে হাইকোর্টে।
গত ৮ জানুয়ারি প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিষয়টি খতিয়ে দেখছে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট














