বিচারে মুখোমুখি করার জন্য বিদেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব অভিযুক্তকে দেশে ফেরত চায় সরকার। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
তথ্যমন্ত্রী বলেন, “শুধু শেখ হাসিনা নন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা বিদেশে অবস্থান করছেন, আমরা তাদের সবাইকে বিচারের স্বার্থে দেশে ফেরত চাই।” শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন উল্লেখ করে তিনি জানান, তাকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ভারতের কাছে দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারতীয় পক্ষ আদালতের মাধ্যমে বিবেচনা করতে পারে। রাজনৈতিকভাবে সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়া হলে তা শেখ হাসিনার জন্য সুখবর নাও হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
যাঁরা মুক্ত ও নতুন বাংলাদেশের চেতনায় বিশ্বাস করেন না এবং বুদ্ধিবৃত্তিকভাবে ফ্যাসিজমকে সমর্থন করেন, তাঁদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এ ধরনের চিন্তাভাবনাকে সামাজিকভাবে ধিক্কার জানানো ও বয়কট করাই সবচেয়ে বড় বিচার। গত ১৭ বছরের শাসনব্যবস্থার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, আগের সরকারের মানসিকতা ছিল সমালোচনার বিরুদ্ধে অবস্থান নেওয়া। তবে বর্তমান সরকার বা প্রধানমন্ত্রীর গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা নেই। গত ১৭ বছরের ভঙ্গুর ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার পর সরকার ইতিহাসের কঠিন সময় পার করছে উল্লেখ করে তিনি সরকারের ভুলত্রুটি শুধরে নেওয়ার জন্য সাংবাদিকদের কাছ থেকে বস্তুনিষ্ঠ সমালোচনা আশা করেন।
অনুষ্ঠানের শুরুতে সরকার প্রকাশিত ‘আই হ্যাভ এ প্ল্যান: গণতান্ত্রিক অভিযাত্রার ৬ মাস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
