রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য সহ বিভিন্ন ধরনে খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী বিক্রি ও সংরক্ষনের দায়ে আইয়ুব হিলটপ সুপার মার্কেট নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্টানের ফ্লোর ম্যানেজার অলিউর রহমানকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) বিকেলে বাবুল মিয়া নামে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। একই সাথে বিভিন্ন খাদ্য পণ্য প্রসাধনী ও কোমল পানীয় সহ আনুমানিক ১৫ লক্ষ টাকার পণ্য জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে সহযোগিতা করেন, জেলা সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও সদর থানা পুলিশের একটি টিম।
দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে শহরের আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সিনান আহমেদ শুভ
রাজবাড়ী প্রতিনিধি
