শুটিং হয়ে গেলো ভিন্নধর্মী গল্প নিয়ে নাটক “অভিমান” এর। বর্তমান সময়ের বেশ আলোচিত নির্মাতা আবু হায়াত মাহমুদ নাটকটির পরিচালক জানালেন, বর্তমানে দর্শকরা ভালো গল্প পেলে নাটক দেখেন, আমরা সেরকমই মাসুম শাহরীয়ার এর একটি ভালো গল্প বাছাই করেছি। বড় বাঁধা হয়ে দাড়িয়েছিলো বৃষ্টি, এর মধ্যেও ভালোভাবে শুটিং শেষ করার চেষ্টা করেছি পুরো ইউনিটের সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে। নাটকের গল্প সম্পর্কে তিনি বলেন, শুরুতে দেখা যাবে প্রত্যন্ত গ্রামে এক যুবক জেবুন্নেসা নামের একজনের ঠিকানা খুঁজে বেড়ায়। এদিকে বৃদ্ধা জেবুন্নেসার নাতনী সূচিত্রা স্টোর রুমের পুরাতন বইয়ের ভাজ থেকে একটা চিঠি আবিস্কার করে। নাতনি দাদীর কাছে জানতে চায়, এই চিঠি তুমি পাঠাওনি? জেবুন্নেসা জানায় পাঠিয়েছিলো তার দাদার হলের ঠিকানায়। সেই ঠিকানাতে তাকে না পেয়ে চিঠি ফেরত এসেছে। আসলে সূচিত্রার দাদা বাড়ি না ফিরে হল থেকেই যুদ্ধে চলে গিয়েছিলো। এতোগুলো বছর এখনো জেবুন্নেসার অভিমান, তাকে না জানিয়ে সে যুদ্ধে চলে গেলো। সূচিত্রা একবার ভাবে চিঠিটা মিউজিয়ামে জমা দিবে। এরমধ্যে হঠাৎ একদিন অচেনা এক ছেলে এসে হাজির। সে এসেছে পুরানো এক চিঠি নিয়ে, তার দাদার কাছ থেকে পাওয়া। ৭১ সালের মার্চ মাসে লেখা এই চিঠি। তার দাদা ছিলেন পত্র লেখকের রুমমেট। চিঠিঠা পাঠানো হয়নি। যুদ্ধে যাবার আগের মূহুর্তে প্রিয়তমা স্ত্রীকে লেখা চিঠিতে কি লেখা ছিলো তা দর্শকরা জানতে পারবে ১৪ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রাত ৭.৫০ মিনিটে চ্যানেল আই এর পর্দায় প্রচারিতব্য নাটক “অভিমান” এ। এই নাটকের জেবুন্নেসা চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী দিলারা জামান এবং তার যৌবনকালের ভূমিকায় অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। এছাড়াও আরো অভিনয় করেছেন ইমাদ ওয়াসেক, অনুশীলা জনন্তি, শহীদুল্লাহ সবুজ, শেখ মাহবুবুর রহমানসহ আরো অনেকে।

গাজী মামুন
বিশেষ প্রতিনিধি, বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে