ঢাকা শহরের রাস্তায় বেশ কয়েকদিন ধরে মাঝে মাঝেই বসছে মোবাইল কোর্ট। গণপরিবহনসহ অন্যান্য গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় রাস্তার মাঝে বাস, গাড়ী, টেম্পু, মোটরসাইকেল থামিয়ে চেক করে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা, করছেন জরিমানা।
দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের, তাদের সাথে কথা বলে জানা যায়, গনপরিবহন মালিকদের দৌরত্বের কারনে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ, জনৈক যাত্রী রাসেল জানান, মাঝপথে এভাবে বাস থামিয়ে রেখেছে, শহরের ভেতরে সর্বাধিক বাস ভাড়া ৫০টাকা দিয়ে উঠেছি দ্রুত গন্তব্যে পৌছানোর জন্য। কিন্তু দেখেন রাস্তার মাঝে বসে আছি, এই কাগজ চেকিংতো ম্যাজিস্ট্রেটরা উনাদের কাউন্টারে বা ডিপোতে গিয়েও করতে পারতো, তাহলে যাত্রীদের এভাবে বসে থাকতে হতো না। আরেক বাস যাত্রী কানিজ জানালেন, পরীক্ষাটাই বোধহয় আজ মিস করবো, এরা যে অতিরিক্ত ভাড়া আদায় করছে সিটিং সার্ভিসের নামে সে ব্যাপারে কিছু করছেনা।

তবে, কিছু যাত্রী আবার এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এবার বাস মালিকরা কাগজপত্র অন্তত ঠিকঠাক রাখবেন। আবার দেখা গেলো রাস্তায় জ্যাম সৃষ্টি হওয়ার কারণে ট্রাফিক পুলিশ বারবার সতর্ক করছেন মোবাইল কোর্টের সাথে আসা আনসার বাহিনীকে। মোদ্দাকথা, সাধারণ যাত্রীরা কিছু ইতিবাচক দিকও যেমন দেখছেন আবার কেউ কেউ নেতিবাচক দিকের কথাও বলছেন। তবে রাস্তাঘাটে চলাচলকারী বেশীরভাগ যাত্রীরাই একমত একটি বিষয়ে আর তা হলো, শুরুতেই যদি আইনের যথাযথ প্রয়োগ করা হতো তাহলে হয়তো এখন এভাবে বারবার মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা আদায়ের প্রয়োজন পড়তো না, দুর্ভোগ পোহাতো না সাধারণ মানুষ।
গাজী মামুন
বিশেষ প্রতিনিধি, বিডি টাইমস্ নিউজ














