মেয়র আনিসুল হক ছিলেন একজন বলিষ্ঠ ও সাহসী মানুষ। তার মুত্যু আমাদের জন্য অনেকটাই অপ্রত্যাশিত।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ তার বনানীর বাসভবনে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে স্মরণ করতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘আনিসুল হকের মৃত্যু আমাদের জন্য অনেকটাই অপ্রত্যাশিত ছিল। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়ে আমাদের ছেড়ে চলে যাবেন,এটা আমরা কখনো কল্পনাও করিনি, ভাবতেও পারিনি।’ তিনি বলেন, ‘মানুষ সমাজে বাস করলে ভুলভ্রান্তি করেই থাকে। তারও যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা তা ক্ষমা করে দেবেন। আমি তার ছোট ভাই হিসেবে ক্ষমা চাইছি। আমাদের পক্ষ থেকে উত্তর সিটি কর্পোরেশনের জন্য সকল ধরনের সহযোগিতা থাকবে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক পর্যায়ে মেয়র সাঈদ খোকন আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
মেয়র বলেন, শহরে বা সমাজে আনিসুল হকের মতো মানুষ প্রতিদিন জন্মাবে না। তার এই শূন্যতা খুব সহজে পূরণ হবে না। বলেন, ‘আনিস ভাইয়ের সঙ্গে আমার প্রতিদিন সকালে কুশল বিনিময় হতো। শহরের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতাম। মানুষের সেবার আন্তরিক প্রচেষ্টা ছিল আমাদের মধ্যে। তার বিভিন্ন কর্মকা-ে আমি অনুপ্রাণিত হই। আবার আমার বিভিন্ন কর্মকা-েও তিনি অনুপ্রাণিত হতেন। দুজনে মিলেই দুই-আড়াই বছরে পরিবর্তনের ইতিবাচক ধারার সূচনা করতে সক্ষম হয়েছি। হঠাৎ করেই এমন একটা ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত, আমরা শোকাহত।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১০টা ২৩ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আগামীকাল বেলা ১১টা ৪০মিনিটে আনিসুল হকের মরদেহ একটি বিশেষ বিমানে ঢাকায় আনা হবে। বিমানবন্দর থেকে মরদেহ বাসায় নেয়া হবে এবং বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারিক সূত্র জানিয়েছে।
সূত্রঃ বাসস














