গ্রীষ্মের শুরুতেই রাজধানীতে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। অনেক জায়গায় দিনের বেশিরভাগ সময় ওয়াসার পাইপে পানি মিলছে না। ওয়াসার দাবি উৎপাদন পর্যাপ্ত হলেও নতুন সরবরাহ লাইনে কিছু ত্রুটি থাকায় বেশ কিছু জায়গায় পানি সরবরাহে সমস্যা হচ্ছে। এছাড়া কিছু এলাকায় পাম্প নষ্ট হওয়ার কারণেই তৈরি হচ্ছে দুর্ভোগ।
রাজধানীর পশ্চিম নাখালপাড়া ও বনফুল এলাকায় এক মাস ধরে পানির জন্য হাহাকার। এলাকার প্রায় এক হাজার পরিবারের দৈনন্দিন জীবন অনেকটাই স্থবির। বাসাবাড়ির জলাধার পানি শূণ্য। আশপাশের এলাকার বাড়ি থেকে পানি এনে চলছে রান্নার কাজ। ঢাকা ওয়াসা ও স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও মেলেনি ফল।
মগবাজারে ব্যাপারী গোলিতে পানি আসে গভীর রাতে, তাও মাত্র আধা ঘণ্টার জন্য। চরম দুর্ভোগ এ এলাকাতেও। পানির তীব্র সংকট রয়েছে মিরপুর, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমণ্ডি, কলাবাগান, রামপুরা, বাড্ডা, কুড়িল, শাহজাদপুর এবং পুরান ঢাকার গেন্ডারিয়ার বিভিন্ন অংশে। পানি সরবরাহ এবং নর্দমা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ওয়াসা বলছে, পুরনো পানির লাইন সংস্কারে কিছু ত্রুটি রয়ে গেছে। সেই সঙ্গে কিছু এলাকায় পাম্প বন্ধ থাকায় সমায়িক ভোগান্তি হচ্ছে।
রাজধানীতে প্রতিদিন পানির চাহিদা প্রায় ৩শ কোটি লিটার। যার ৭৮ ভাগ ভূগর্ভস্থ সাত শতাধিক গভীর নলকূপ ও নদীর পানি পরিশোধনের মাধ্যমে মেটানো হয়।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














