বিশ্বের প্রায় সব দেশেই বাড়ছে করোনা সংক্রমণ। তবে এর মধ্যে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত। যুক্তরাষ্ট্র, ব্রাজিল কে টোপকে প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমণের দিক দিয়ে শীর্ষে থাকছে দেশটি।

বিশ্বে নতুন প্রায় ৩ লাখ আক্রান্ত নিয়ে সংক্রমিত ২ কোটি ৬৭ লাখের বেশি। আরো সাড়ে ৫ হাজার মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে ৮ লাখ ৭৮ হাজার। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। প্রতিদিনই রেকর্ড ভাঙ্গছে দৈনিক শনাক্তের সংখ্যা। শুক্রবারও দেশটিতে শনাক্ত হয়েছে ৮৭ হাজারের বেশি রোগী। যা এ পর্যন্ত একদিনে দেশটির সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ হাজার ৬৬ জনের প্রানহানিও ভারতে। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা দাঁড়াল প্রায় ৭০ হাজার। যুক্তরাষ্ট্রে নতুন ১ হাজারের বেশি মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৯২ হাজার। ভাইরাস মিলেছে ৫২ হাজারেরও বেশি মানুষের দেহে। দেশটির মোট আক্রান্তের সংখ্যা ৬৩ লাখের বেশি। করোনায় মারা গেছেন অ্যালাবামা রাজ্যের দীর্ঘ মেয়াদি মেয়র বিলি জো। এদিকে ডিসেম্বরে শীত বাড়লে বিশ্বে প্রতিদিন ৩০ হাজার মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন ইউনিভার্সিটির একদল গবেষক। এছাড়াও বছরের শেষ নাগাদ আরও ১৯ লাখ মৃত্যু হতে পারে বলে সতর্ক করা হয় ঐ মডেল গবেষণায়। তবে ঠিক মতো মাস্ক পরলে এবং সামাজিক দূরত্ব মেনে চললে এই সংকট কিছুটা কমতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

ব্রাজিলে করোনায় মোট সংক্রমণের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ৪৫ হাজারেরও বেশি মানুষের শরীরে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৫৫ জনের। মোট প্রাণহানি ১ লাখ ২৫ হাজারের বেশি। দেশটির আদিবাসীদের সংক্রমণের উচ্চ ঝুঁকি থেকে বাঁচাতে একটি অ্যাপ্লিকেশন চালু করেছে দেশটির সরকার।

কানাডায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ৫ মাস পর খুলে দেয়া হয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। অন্যদিকে অস্ট্রেলিয়ায় ৩ মাসের জন্য বাড়ানো হয়েছে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ। স্পেনে একদিনে ১৮৪ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত চার মাসে সর্বোচ্চ।

ইরাকে করোনার প্রকোপ শুরুর পর থেকে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। সংক্রমিত হয়েছে ৫ হাজার মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। নতুন করে দেশটিতে প্রাণ গেছে ৮৪ জনের। স্বাস্থ্য বিধি মেনে সংযুক্ত আরব আমিরাতে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। অন্যদিকে মোজাম্বিকে আগামী সপ্তাহ থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে