চলচ্চিত্রের খল অভিনেতা মিজু আহমেদ (৬৩) আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। আজ সোমবার দিনাজপুর যাওয়ার পথে রাত ৮টা ৩৫ মিনিটে ট্রেনে তার মৃত্যু হয়।
চিত্রনায়ক ওমর সানি জানান, আহমেদ ইলিয়াস ভূঁইয়ার পরিচালনায় ‘মানুষ কেন অমানুষ’ নামের ছবির শুটিং করতে মিজু আহমেদ দিনাজপুর যাচ্ছিলেন। কমলাপুর থেকে ট্রেনে যাত্রা শুরুর পরই হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মিজু আহমেদের মরদেহ পান্থপথে তার বাসভবনে নিয়ে যাওয়া হচ্ছে। মিজু আহমেদের জানাজা, দাফন এবং শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তাকে এফডিসিতে কখন নেওয়া হবে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তার পরিবারের সদস্যরা।কুষ্টিয়ায় ১৯৫৩ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণ করেন মিজু আহমেদ। তার প্রকৃত নাম মিজানুর রহমান। শৈশব থেকে থিয়েটারের প্রতি আগ্রহী ছিলেন তিনি। কাজ করেছেন কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলে।
১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন মিজু আহমেদ। কয়েক বছরের মধ্যে ঢালিউডে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
বিনোদন ডেস্ক, বিডি টাইমস নিউজ














