ভুয়া জাতীয় পরিচয়পত্র আর মিথ্যা তথ্য দিয়ে চট্টগ্রামে বাসা ভাড়া নিয়ে আস্তানা গাড়ছে জঙ্গিরা। এজন্য বেছে নেয়া হচ্ছে, নগরীর বাইরের এলাকা। এক সপ্তাহের ব্যবধানে মীরসরাই ও সীতাকুন্ডে এরকম তিনটি জঙ্গি আস্তানার সন্ধান মিললো। এরমধ্যে, শিল্পঘন এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানকে আস্তানার জন্য বেছে নেয়ায় স্থানীয়দের পাশাপাশি উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনীও। পুলিশ সুপার বলছেন, জঙ্গিদের বাসা ভাড়া নেয়া ঠেকাতে নতুন করে উদ্যোগ নেয়া হচ্ছে।

গত ৮ মার্চ, মিরসরাই পৌর এলাকার একটি বাসায় জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। যেটি জঙ্গিরা ভাড়া নিয়েছিল কাপড়ের ব্যবসায়ী পরিচয়ে। এজন্য যে জাতীয় পরিচয়পত্র দেয়া হয় সেটিও জাল।

সীতাকুন্ডে বুধবার সন্ধান পাওয়া জঙ্গি আস্তানার জন্য বাসা ভাড়া নেয়া হয়েছিল একই কৌশলে। দেয়া হয়েছিল জাল পরিচয় পত্র। সেটি যাচাই করতে গিয়েই ধরা পড়ে জঙ্গিরা। এতদিন চট্টগ্রাম মহানগর ও এর আশপাশে অবস্থান নিয়ে জঙ্গিরা তৎপরতা চালালেও এবার আস্তানা মিললো উপজেলা পর্যায়ে। তাও দুটি গুরুত্বপূর্ণ জনপদে। তাই উদ্বিগ্ন স্থানীয়রা।  সীতাকুন্ড ও মীরসরাইয়ে যেসব জঙ্গি আস্তানা মিলেছে, তার অবস্থান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খুব কাছাকাছি। তাই জঙ্গিদের এমন আস্তানাকে  উদ্বেগজনক বলছে আইনশৃংখলা বাহিনীও। এদিকে, গত বছর মহানগরীর বাইরে উপজেলা ও পৌর এলাকাগুলোতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে বাড়ির মালিকদের নির্দেশনা দিয়েছিল পুলিশ। তবে তা কোন কাজেই আসেনি। এই নির্দেশনা মানেনি বাড়ির মালিকরাও।

ভাড়াটিয়ার দেয়া তথ্য বা জাতীয় পরিচয়পত্র সঠিক কিনা তা নিশ্চিতে বাড়ির মালিকরা সহায়তা চাইলে তা দেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে