করোনার প্রভাবে অর্থনীতিতে যখন নেতিবাচক অবস্থা তখন সুখবর এলো রেমিট্যান্সে। জুন মাসে এসেছে ১৮৩ কোটি ডলার রেমিট্যান্স। যা একক মাস হিসাবে দেশের রেমিট্যান্স প্রবাহের ইতিহাসে যেকোন সময়ের তুলনায় সর্বোচ্চ। এছাড়া ২০১৯-২০২০ অর্থবছর শেষে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ছাড়িয়েছে ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে মোট এক হাজার ৮২০ কোটি ৩০ লাখ (১৮.২০ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা। এই অঙ্ক আগের ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে ১০ দশমিক ৮৫ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরে মোট ১৬ দশমিক ৪২ বিলিয়ন রেমিট্যান্স এসেছিল।
মহামারীকালেও রেমিট্যান্সের এই উল্লম্ফনের কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়।
বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার। বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি ও এআইআইবির ঋণ সহায়তাও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে বলে জানা গেছে। গত বছর রেমিট্যান্সের ওপর দুই শতাংশ প্রণোদনা ঘোষণা করে সরকার। এরপর থেকেই বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা বাড়তে থাকে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














