আইটি খাতে দিন দিন উপস্থিতি বাড়ছে নারীদের। কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়াশোনায় আগ্রহী অনেকে। প্রথম উইমেন হ্যাকাথন প্রতিযোগিতায় দেখা মিলছে এসব তরুণ প্রতিভার। তারা জানালেন, সিলিকন ভ্যালির আদলে বাংলাদেশে আইটি জায়ান্ট কোম্পানি গড়ে তোলার স্বপ্নের কথা। তবে এ ক্ষেত্রে এখনও সমাজ ও পরিবারের রক্ষণশীল মানসিকতাকে বড় বাধা হিসেবে দেখছেন অনেকে।
ছুটির দিনে রাজধানীতে ব্যস্ত কম্পিটার প্রোগ্রামাররা। হাতে কয়েক ঘন্টার ডেডলাইন। খুঁটিনাটি যাচাই করে নিজের আইডিয়া উপস্থাপন করতে হবে বিচারকদের সামনে। জাতীয় হ্যাকাথনের উপস্থিতিতে একটু ভিন্নতা আছে। এখানে প্রোগ্রামদের সবাই নারী। এক হাজার অংশগ্রহণকারীর বেশিরভাগই শিক্ষার্থী। আছেন পেশাজীবীরাও। ৫ জনের দলে ভাগ হয়ে জাভা আর সি-প্লাসের কাঠখোট্টা ভাষায় তৈরি হচ্ছে সফটওয়্যার। ল্যাপটপের মনিটর আর কাগজে আঁকিবুকিতে আইডিইবি মিলনায়তনে নতুন নতুন আইডিয়ার ছড়াছড়ি।
অংশগ্রহণকারীরা জানালেন, কম্পিউটার প্রকৌশলে পড়তে আসার পথটা তাদের জন্য মোটেও সুগম ছিলো না। আয়োজক সংস্থা ‘উইমেন ইন ডিজিটাল’ বলছে, প্রতিযোগিতার জন্য মেয়েদের পরিবারকে রাজি করানো ছিলো তাদের জন্য সবচেয়ে কঠিন কাজ। জটিলতা ছিলো পৃষ্ঠপোষকতা নিয়েও।
উইমেন ইন ডিজিটাল এর প্রতিষ্ঠাতা আচিয়া খালেদ নীলা বলেন, মেয়েদেরকে এই আয়োজনে নিয়ে আসতে আমাদেরকে অনেক বাধা পেরুতে হয়েছে। প্রতিযোগিতা শেষে ৯টি ক্যাটাগরিতে ভাল পারফরমেন্স করা প্রোগ্রামারদেরকে পুরষ্কৃত করা হবে বলেও তিনি জানান।
ইনফো ডেস্ক, বিডি টাইমস নিউজ।



























