জনপ্রিয় ব্লগিং সফটওয়্যার ওয়ার্ডপ্রেসের একটি নিরাপত্তাজনিত ত্রুটির সুযোগ নিয়ে এতে বড় রকমের হামলা চালিয়েছে হ্যাকাররা। হ্যাক করে তারা সফটওয়্যারটি দিয়ে পরিচালিত কয়েক লাখ ওয়েবসাইট বিকৃত করেছে।

বিবিসি জানয়েছে, এখন পর্যন্ত করা হিসেব অনুসারে এই হামলায় আনুমানিক ১৫ লাখেরও বেশি ব্লগ পেজ নষ্ট হয়েছে। যে সিকিউরিটি ফার্মটি এই সমস্যা চিহ্নিত করেছে তারা জানায়, এখন হ্যাকাররা নতুন করে আরও পেজ বিকৃত করার চেয়ে পুরো ওয়েবসাইট দখল করার চেষ্টায় আছে। তাৎক্ষণিক সমাধান হিসেবে ওয়েবসাইট মালিকদের সফটওয়্যার আপডেট করে নেয়ার তাগাদা দিয়েছে ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ।

২০১৬ সালের শেষদিকে প্রকাশিত ভার্সনটিতে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের একটি অ্যাড-অন যুক্ত করা হয়। ওই অ্যাড-অনটিতেই নিরাপত্তা ত্রুটি চিহ্নিত হয়েছে। সিকিউরিটি ফার্ম সুকুরি অ্যাড-অনটিতে ‘গুরুতর’ বাগ খুঁজে পেয়ে গত ২০ জানুয়ারি ওয়ার্ডপ্রেসকে জানায়।

একটি ব্লগপোস্টে বিবৃতি হিসেবে ব্লগিং সফটওয়্যার কোম্পানিটি জানায়, ত্রুটিটি সম্পর্কে সবাইকে জানাতে দেরি করা হয়েছে যেন পরের সংশোধিত ভার্সনে হোস্টিং ফার্মগুলো এর মাঝে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার আপডেট করে নিতে পারে। গত ২৬ জানুয়ারি বহু ওয়েবসাইট ও ব্লগে অটো আপডেটের অপশনসহ সংশোধিত আপডেট ভার্সন বাজারে ছাড়া হয়।

তথ্যপ্রযুক্তি ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে