বিশ্বে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) একদিনে সাড়ে ৫ হাজারের বেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ২ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। বিশ্বজুড়ে মোট আক্রান্ত ৩৯ লাখের বেশি। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ১১৭ জন। দেশটিতে এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় ৭৭ হাজার। এছাড়া ব্রাজিলে ৫৫৮, যুক্তরাজ্যে ৫৩৯, ইতালিতে ২৭৪ ও স্পেনে ২১৩ জনের মৃত্যু হয়েছে।
কিছুদিন কম থাকার পর আবারও বিশ্বজুড়ে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা।এর আগের কয়েক দিনের মতো গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে চলতি সপ্তাহ শেষে ৮০ লাখেরও বেশি নমুনা পরীক্ষা করা হবে বলে দাবি করছে হোয়াইট হাউস। তবে এরই মধ্যে ৪৪ টি রাজ্য আংশিকভাবে খুলে দেয়ার আশা প্রকাশ করেছে রাজ্য সরকার গুলো।
মন্টানা, নিউ ইয়র্ক ও কলোরাডোর সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়াতে খুলে দেয়া হয়েছে সেখানকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। তবে মিনেসোটা এবং পুয়ের্তো রিকোতে গত সপ্তাহের তুলনায় ৫০ ভাগ বেড়েছে আক্রান্তের সংখ্যা। স্থির রয়েছে ক্যালিফোর্নিয়া ফ্লোরিডাসহ কয়েকটি রাজ্যের পরিস্থিতি।অন্যদিকে বিপুল সংক্রমণ ও প্রাণহানির মধ্যেই রোববার থেকে বাড়িতে বাধ্যতামূলক অবস্থানের নির্দেশ তুলে নেয়ার কথা ভাবছে যুক্তরাজ্য।অস্ট্রেলিয়ায় রাজ্য ও অঞ্চল অনুয়ায়ী তিনটি ধাপে লকডাউন তুলে নিয়ে দেশকে পুনরায় সচল করার পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।
গত কয়েক দিনে প্রতিদিন ১০ হাজারের বেশি আক্রান্তের রেকর্ড ভেঙ্গেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজারের বেশি মানুষ। তবে আক্রান্ত অনুযায়ী অন্যান্য দেশের তুলনায় মৃতের হার কম দেশটিতে।এদিকে সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে প্রথম ৫ দেশের মধ্যে অবস্থান ফ্রান্সের। এ অবস্থায় শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনা করে আগামী সোমবার থেকে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।স্পেন ও ইতালির পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত। তবে আগের দিনের তুলনায় দেশ দুটিতে কিছুটা কমেছে মৃতের সংখ্যা।ব্রাজিলের অর্থমন্ত্রী জানায় লকডাউন অব্যাহত থাকলে অর্থনৈতিক বিপর্যয়ে পড়বে দেশটি। গত দিনের মত এই ২৪ ঘণ্টাতেও যুক্তরাষ্ট্রের পর সব চেয়ে বেশি প্রাণহানি হয়েছে দেশটিতে।
করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসার জন্য পরীক্ষামূলক ওষুধ রেমিডেসিভির ব্যবহারের অনুমতি দিয়েছে জাপান সরকার। এদিকে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার মধ্যেই লকডাউন তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার থেকে ধাপে ধাপে লকডাউন তুলে নেয়া হবে বলে জানানো হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























