বিশ্বজুড়ে করোনা মহামারির ভয়াবহতা চললেও উদীয়মান দেশগুলোর মধ্যে মজবুত অর্থনীতির তালিকায় শীর্ষ দশে রয়েছে বাংলাদেশ। অর্থ বাণিজ্যের সাময়িকী ইকোনমিস্টের প্রতিবেদনে অর্থনৈতিক ভিত্তি এবং আর্থিক ব্যবস্থাপনার বিচারে বিশ্বের ৬৬টি দেশের তালিকায় বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়েছে।
কোভিড-১৯ মহামারিতেও ৬৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশের পরেই দশম স্থানে রয়েছে অর্থনৈতিক পরাশক্তি চীন। প্রতিবেশি দেশ ভারতের অবস্থান ১৮ নম্বরে। এতে মালয়েশিয়া ২৫তম, পাকিস্তান ৪৩তম এবং শ্রীলঙ্কা ৬১তম অবস্থানে রয়েছে। আর তালিকায় শীর্ষ আট দেশের নামগুলো হলো- বতসোয়ানা, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, পেরু, রাশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড ও সৌদি আরব।

উদীয়মান অর্থনীতিগুলোর শক্তি আর দুর্বলতার জায়গা বিচার করতে, জিডিপির শতাংশ হিসেবে সরকারের ঋণ, বিদেশি ঋণ, ঋণের সুদ এবং রিজার্ভ এই চারটি সূচককে বিবেচনায় নিয়েছে ইকোনমিস্ট। করোনার প্রভাবে কোন দেশ অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে, তা বুঝাতে এই তালিকা করেছে ইকোনমিস্ট।
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফিন্যান্সের বরাতে ব্রিটিশ সাময়িকীটি জানিয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা উদীমান অর্থনীতির দেশগুলোর বন্ড ও শেয়ারবাজার থেকে গত চার মাসে ১০০ বিলিয়ন ডলারের বেশি তুলে নিয়েছে। এই মহামারী যদি জুলাইয়ের আগেও থিতিয়ে আসে, তারপরও উন্নয়নশীল দেশগুলোর জিডিপি এবার আইএমএফের গত অক্টোবরের পূর্বাভাস থেকে ৬.৬ শতাংশ কম হবে।
পত্রিকাটি জানায়, কোভিড-১৯ উদীয়মান অর্থনীতির দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে অন্তত তিনভাবে। লকডাউনের কারণে মানুষ ঘরবন্দি হয়ে পড়ায় উৎপাদন বন্ধ থাকছে। বিশ্বজুড়ে যোগাযোগ বন্ধ থাকায় রফতানি আয় কমে যাচ্ছে। আর বিশ্বের বড় একটি অংশ বেকায়দায় থাকায় বিদেশি বিনিয়োগের প্রবাহেও টান পড়ছে।
তথ্যঃ ইন্ডিপেন্ডেন্ট



























