ইউরোপের দেশগুলো যখন করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেখানে মাত্র তিনমাসে আক্রান্ত ও মৃতের হার নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এ কারণে অনেকেরই সন্দেহ চীন করোনা মোকাবিলার পথ খুঁজে পেয়েছে।সম্প্রতি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’ এর এক ট্যুইটেই আশার আলো দেখছে বিশ্ব। চীনের এ সংবাদপত্র তাদের ট্যুইটে উল্লেখ করেছে, ‘করোনা মোকাবিলার হাতিয়ার প্রস্তুত।’ চীনের গবেষকদের দাবি এই ওষুধ প্রয়োগে ৯৬ দশমিক ৫ শতাংশ থেকে ৯৯ দশমিক ৯ শতাংশ সাফল্য পাওয়া গেছে।
রবিবার ‘গ্লোবাল টাইমস’ এক ট্যুইট বার্তায় জানিয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় কোনও ওষুধ বা প্রতিষেধক নয় বরং নতুন এক ধরনের ন্যানোম্যাটেরিয়াল আবিষ্কার করেছেন চীনের গবেষকরা। এটি যেকোনও ভাইরাস মোকাবিলায় ৯৯ দশমিক ৯ শতাংশ কার্যকর।চীনের গবেষকদের দাবি, তারা এমন এক ন্যানোম্যাটেরিয়াল বানিয়েছেন যা শরীরে প্রবেশ করে করোনাভাইরাসসহ যেকোনও ভাইরাস শুষে নিতে পারে বা অকার্যকর করে দিতে পারে। ভাইরাসকে নিস্ক্রিয় করে দিতে ৯৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত কার্যকর।
গবেষকরা ন্যানোম্যাটেরিয়ালকে ভ্যাকসিন বা প্রতিষেধক বলতে নারাজ। তাদের মতে, এটা একটা জৈব অস্ত্র যাকে করোনার সঙ্গে লড়াইয়ের জন্যই তৈরি করা হয়েছে৷ ন্যানোমেটেরিয়াল স্বাস্থ্যসেবা ছাড়াও প্রস্তুতকরণ প্রক্রিয়া, রং, ফিল্টার, লুব্রিকেন্ট তৈরিতেও ব্যবহার করা হয়। করোনা ভাইরাসের মোকাবিলার ক্ষেত্রে এটা দেহে প্রবেশের পর শরীরের বাকি এনজাইমগুলোর মতোই কাজ করে৷ আর এতেই আসে সাফল্য৷চীনা সংবাদমাধ্যমের দাবি, ইতোমধ্যেই ওই গবেষক দল দেশটির বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছে এবং এই ন্যানোম্যাটেরিয়াল দিয়ে মাস্ক ও পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইক্যুয়িপমেন্ট) বানানোর পরামর্শ দিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) মতে, বিজ্ঞানীরা এখনও ন্যানোম্যাটেরিয়ালের প্রকৃত সংজ্ঞা নির্ধারণ করেননি। তবে এটিকে ন্যানোমিটারে পরিমাপ করে এর আংশিক চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে একমত হয়েছেন তারা। ক্যান্সার কোষ ধ্বংস বা এর থেরাপির কার্যকারিতা বৃদ্ধির মতো বিষয়গুলোতে এটি ব্যবহার করা যেতে পারে বলে বিশ্বাস তাদের।উল্লেখ্য, চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮১ হাজারেরও বেশি ছিল৷ সেখানে প্রায় ৩ হাজার ৩শ’ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷ চীনা বিজ্ঞানীদের দাবি, এই ন্যানোমেটেরিয়াল প্রয়োগ করেই এসেছে সাফল্য ।
সূত্রঃ ডিবিসি



























