বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এবার মারা গেলেন স্পেনের রাজপরিবারের সদস্য মারিয়া তেরেসা। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই আরানজুয়েজের ডিউক প্রিন্স এনরিকে দে বোরবোন। স্পেনের রাজকন্যা হলেও জীবনের একটা বড়ো অংশ প্যারিসে কাটিয়েছেন মারিয়া। পড়াশুনো শেষে সেখানেই শিক্ষকতা করতেন তিনি।

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একবছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। রাজ্যটিতে করোনাভাইরাসজনিত প্রথম শিশু মৃত্যুর ঘটনা এটি। এর আগে গবেষকরা চীনেও ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যুর কথা জানিয়েছিলেন।

এদিকে, করোনার ছোবল কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়েছে ওঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ খবর দেন। গেল ১২ই মার্চ তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সেলফ আইসোলেশনে ছিলেন তিনি এবং তার স্বামী জাস্টিন ট্রুডো।

সোফি ট্রুডো বলেন, হতাশ না হয়ে আমি লড়াই করার চেষ্টা করেছি, একা থাকার লড়াই। নিজেকে কিছুদিন প্রিয়জনদের কাছ থেকে দূরে রেখেছি। এটি মোটেও সহজ কাজ ছিলনা। তবুও সচেতন থেকেছি, আর চিকিৎসকদের পরামর্শ মেনে চলে এখন আমি পুরোপুরি সুস্থ।

এছাড়া, ভারতে লকডাউনের মধ্যে দিল্লি থেকে নিজ গ্রামে ফেরার জন্য দুইশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পথেই মারা গেছেন রণভির সিং নামে এক যুবক। মধ্যপ্রদেশে নিজ গ্রামে ফিরে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু আগ্রা পৌঁছেই অসুস্থ হয়ে পড়েন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বাড়ি ফিরতে আর মাত্র ৮০ কিলোমিটার পথ বাকি ছিল তার।

তথ্যঃ ডিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে