নয়াদিল্লি : করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকার ও দেশের জনগণকে সাহায্য করতে এগিয়ে এসেছেন বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রত্যেকে নিজেদের সাধ্যমত অর্থ কিংবা সামগ্রী দিয়ে সাহায্য করেছেন। তবে ভারতের বড় উদ্যোগপতিরা যে ভূমিকা নিয়েছেন তা উদাহরণ হিসেবে থেকে যাবে দিনের পর দিন।
এই বিষয়ে সবার প্রথমে নাম আসবে রিলায়েন্স গ্রুপের কর্তা মুকেশ আম্বানি। ভারতের সবথেকে ধনী ব্যক্তি এই লকডাউনের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দান করেছেন। পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রির তরফ থেকে প্রতিদিন প্রায় এক লক্ষ মাস্ক এবং প্রয়োজনীয় সুরক্ষার সামগ্রী তৈরি করা হচ্ছে স্বাস্থ্যকর্মীদের জন্য।
মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা একেবারে অন্যরকমভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। মাহিন্দ্রা সংস্থা তাদের নিজেদের ভেন্টিলেটর তৈরি করেছে যা মাত্র ৭৫০০ টাকায় হাসপাতালগুলি ব্যবহার করতে পারবে। পাশাপাশি ক্রমবর্ধমান করোনা আক্রান্তদের জন্য মাহিন্দ্রা তাদের সকল হলিডে রিসর্টকে স্বাস্থ্যকেন্দ্র হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
আর সবশেষে আসছে টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার কথা। তিনি ঘোষণা করেন, টাটা ট্রাস্টের পক্ষ থেকে মোট ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হবে করোনার লড়াইয়ের জন্য। আর এই অর্থ খরচ হবে স্বাস্থ্যকর্মীদের সামগ্রীতে, যন্ত্রে, পরীক্ষার কিট কিনতে, পরিষেবা বাড়াতে এবং স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষকে সচেতন করতে।
সুত্রঃ kolkatatimes24

























