কভিড সংক্রমণ নিয়ে টেলিভিশনে ‘গুজব’ ছড়ানো হচ্ছে কি না তার তদারকিতে আদেশ জারির পর সমালোচনার মুখে তা বাতিল করেছে সরকার।
বৃহস্পতিবার রাতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত প্রচারণা/ গুজব মনিটরিং করার জন্য জারিকৃত পত্রে ভুলভ্রান্তি থাকায় তা কর্তৃপক্ষের নির্দেশের পরিপ্রেক্ষিতে বাতিল করা হল।
২৪ মার্চ দেশের ৩০টি বেসরকারি টেলিভিশন ‘মনিটরিং’ করতে মন্ত্রণালয়ের ১৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এক আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়। তবে এই আদেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সমালোচনা সৃষ্টি করে। আদেশের একদিন পরই জারিকৃত পত্রে ‘ভুলভ্রান্তি’ আছে জানিয়ে তা বাতিল করা হয়েছে।
বাতিলের আদেশে আরো বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভন্ন প্রচার মাধ্যমে কভিড-১৯ বিষয়ে কোনো গুজব বা ভুল তথ্য প্রচার করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রচার মাধ্যমকে সহায়তা করার জন্য একটি সেল গঠন করা হয়। উক্ত সেলে দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হল।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























