কারাবন্দি চিকিৎসাধীন খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, মানবিক কারণে ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে মুক্তি দেয়া উচিত।

শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ চ্যারিটেবল মামলায় দ্বিতীয় দফা জামিন আবেদনও খারিজ করেছে হাইকোর্ট। অসুস্থতার কারণে এখন তিনি আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে।
শনিবার সেখানেই তার সঙ্গে দেখা করতে যান স্বজনেরা। বেরিয়ে এসে বোন সেলিমা ইসলামের দাবি, ভালো নেই খালেদা জিয়ার শরীরিক অবস্থা। মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে মুক্তি দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিমা ইসলাম বলেন, আমরা চাচ্ছি সরকার মানবিক দিকটা বিবেচনা করে তাকে মুক্তি দিক। আমরা এটাই তাদের কাছে আবেদন করছি। এটাই আমাদের চাওয়া। তার মুক্তির জন্য জামিন আবেদন যে খারিজ হয়ে গেছে, বিষয়টি খালেদা জিয়া জানেন কিনা জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, তিনি সবই জানেন। এ বিষয়ে তিনি আর কী বলবেন!তিনি বলেন, আগের মতোই খালেদা জিয়ার পুরো শরীরে প্রচণ্ড ব্যথা। তার বাম হাত তো সম্পূর্ণ বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। খেতেও পারছেন না। খেলে বমি হয়ে যাচ্ছে। তার শরীর খুবই খারাপ। খালেদা জিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলেও দাবি করেন সেলিমা ইসলাম।














