ঢাকা, রোববারঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি’র বক্তব্য শুনলে মনে হয়, দলটি জনগণের নয়, দলটি জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করে না, কাজ করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের স্বার্থ রক্ষার স্বার্থে। তাদের সমস্ত কথাবার্তা, আন্দোলন, মানববন্ধন বেগম খালেদা জিয়ার জামিন, স্বাস্থ্য আর মাঝে মধ্যে তারেক জিয়ার প্রসঙ্গ- এরমধ্যেই ঘুরপাক খাচ্ছে। সুতরাং দলটি আসলে জনগণের নয়। দলটি হচ্ছে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের।’ 
 
রোববার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ‘বেগম জিয়ার জামিনের আবেদন’ বিষয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘রায় তো কোর্টের ব্যাপার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে মানববন্ধনে বলেছেন যে, জামিন পাওয়া বেগম খালেদা জিয়ার হক। জামিন তাকে আদালত দেবে কি দেবে না, সেটি আদালতের এখতিয়ার। এখানে সরকারের কোনো বক্তব্য নেই। তবে ইতিপূর্বে তারা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে তারা আপিল করেছিলেন। নিম্ন আদালত বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর শাস্তি দিয়েছিলেন, উচ্চ আদালত কিন্তু সেটি বাড়িয়ে দশ বছর করেছেন। এখন উচ্চ আদালত তাকে জামিন দেবে কি-দেবে না, সেটি উচ্চ আদালতের ব্যাপার। কয়েকটি মামলায় কিন্তু তিনি জামিনে আছেন। এখানে সরকারের কোনো কিছু করণীয় নেই।’
 
‘মনে রাখা প্রয়োজন, বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত আসামী, কিন্তু বিএনপি সে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করেছে এবং তারা বলার চেষ্টা করছে, বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়নি। কাউকে যদি রাজনৈতিক কারণে আটক করা হয়, তখন সেটাকে আটকে রাখা বলে। কিন্তু তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে শাস্তিভোগ করছেন। এখানেই বিএনপি ভুলটা করছে।’

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে