ব্যাংক লেনদেনের তথ্য গোপন রাখতে খোলা হচ্ছে নামসর্বস্ব কোম্পানি। শত কোটি টাকা লেনদেন করে ভ্যাট ফাঁকি দিচ্ছে এসব প্রতিষ্ঠান। এমন প্রতিষ্ঠান নিরীক্ষার আওতায় আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট গোয়েন্দা। এজন্য বছরে একশ কোটি টাকা বা তার বেশি লেনদেন করা প্রতিষ্ঠানের তথ্য চেয়ে সম্প্রতি ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে সংস্থাটি।
গত এক দশকে ধারাবাহিকভাবে বাড়ছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। কিন্তু সে অনুপাতে বাড়ছে না ভ্যাট আদায়। চলতি অর্থবছরের ছয় মাসে ভ্যাট আদায়ের লক্ষ্য ছিল প্রায় ৫২ হাজার কোটি টাকা। আদায় হয়েছে ৪১ হাজার কোটি টাকা। গত অর্থবছরে সংশোধিত লক্ষ্যমাত্রাও পুরণ করতে পারেনি এনবিআর।

কর্মকর্তারা জানান, নানা উপায়ে ভ্যাট ফাঁকি দিচ্ছে কোম্পানিগুলো। লেনদেনের তথ্য গোপন করতে খোলা হচ্ছে নামসর্বস্ব কোম্পানি। এসব কোম্পানির লেনদেনের হিসাব দেয়া হচ্ছে না রাজস্ব বোর্ডকে।

২০১৪ সাল থেকে যেসব কোম্পানি বছরে একশ কোটি টাকা লেনদেন করেছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে তাদের তথ্য চেয়েছে ভ্যাট গোয়েন্দারা। উৎপাদনমুখী ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের কোম্পানি আছে এই তালিকায়। কোন ব্যাংক তথ্য দিতে গড়িমসি করলে, আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে বলেও জানান গোয়েন্দারা।

ব্যাংক নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে ঐ কোম্পানিগুলোর ঠিকানা, ব্যবসা ও কর নিবন্ধন নম্বর, জয়েন্ট স্টক নিবন্ধন নম্বর, আমদানি রপ্তানিসনদসহ বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে।
গোয়েন্দারা জানান, ব্যাংক থেকে পাওয়া তথ্যের সাথে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটে কোম্পানির দেয়া তথ্য মিলিয়ে দেখা হবে। ফাঁকির তথ্য পেলে নেয়া হবে কড়া ব্যবস্থা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে