ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে করা মামলায় জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক সম্পাদক মতিউর রহমান।
সকালে ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম দুই হাজার টাকা মুচলেকায় মতিউর রহমানের জামিন মঞ্জুর করেন। এদিন আদালতে মতিউর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী এহসানুল হক সমাজি, আমিনুল গনি টিটো, প্রশান্ত কুমার কর্মকার, চৈতন্যচন্দ্র হালদার, আশরাফুল আলম, সুমন কুমার রায়, আবদুর রহিম, শাহ আলম প্রমুখ। বাদীপক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক আসিফ। এর আগে গত ২০ জানুয়ারি হাইকোর্ট এই মামলায় মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে আদেশ দেন।
গত বছরের ৬ নভেম্বর আবরারের বাবা মজিবুর রহমান ঢাকার আদালতে মামলা করলে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দেয়া হয়। গত ১৬’ই জানুয়ারি পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলাটির চার্জ গঠনের শুনানি আগামী ১৮ মার্চ।
গত ১’লা নভেম্বর বিকালে ঢাকা রেসিডেসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার। পরে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























