ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সিএনজি অটোরিকশা চালক সাইদুর রহমান(১৯) হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। সামান্য কিছু টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়ার জন্যই তাকে গলা কেটে হত্যা করেন একই উপজেলার রানা (২০) নামে এক যুবক।নিহত সাইদুরের মোবাইল ফোনে নিজের সিমকার্ড ঢুকিয়ে ৩০ সেকেন্ডে কথা বলার সূত্র ধরে পুলিশ খুনি হিসেবে রানাকে সনাক্ত করে। গতকাল রোববার (১২ জানুয়ারি) কসবা উপজেলার শীতলপাড়া এলাকা থেকে পুলিশ উপজেলার কাঞ্চনমুড়ি এলাকার দানু মিয়ার ছেলে রানাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে এ তথ্য বেড়িয়ে আসে।

সোমবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে এ ব্যাপাওে সংবাদ সম্মেলন করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।উল্লেখ্য গত ২৯ ডিসেম্বর সাইদুর রহমান নিখোঁজ হওয়ার পর ২ জানুয়ারি কাঞ্চনমুড়ি এলাকার একটি বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাইদুরের মা হনুফা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে এসপি আনিসুর রহমান জানান, রানা ও সাইদুর সম্পর্কে চাচা-ভাতিজা। দুইজনের বাড়িও একই এলাকায়। সমবয়সী হওয়ায় তাদের চলাফেরা একসঙ্গে। গত ২৯ ডিসেম্বর কসবা সীমান্ত কমপ্লেক্সের সামনে সাইদুরের সঙ্গে রানার দেখা হয়। তখন সাইদুর মানিব্যাগে থাকা বেশ কিছু টাকা ও একটি দামি মোবাইল ফোন দেখে রানার লোভ হয়। রানা তখন ফন্দি আঁটতে তাকে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়ার জন্য। ফন্দির অংশ হিসেবে ‘রাতে এক লোক ইয়াবা নিয়ে আসবে, অটোরিকশায় করে সেই ইয়াবা পৌঁছে দিলে চার হাজার টাকা দিবে’ বলে সাইদুরকে প্রলোভন দেখায়। তখন সাইদুর বলেন অটোরিকশা লাগবে না, রাতে সে কাঞ্চনমুড়ি ড্রেজার মাঠ ধরে হেঁটে ইয়াবাগুলো পৌঁছে দিবে। কথা অনুযায়ী রাত সাড়ে ৭টায় ড্রেজারের মাঠে হাজির হয় সাইদুর। এরপর মাঠে দাঁড়িয়ে সাইদুর একই এলাকার দশম শ্রেণির এক ছাত্রী ও তার প্রেমিকার সঙ্গে মুঠোফোনে কথা বলতে থাকে। এ সময় রানা একটি বাঁশের খুঁটি দিয়ে পেছন থেকে সাইদুরের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সাইদুরকে ঝাপটে ধরে ও মাফলার দিয়ে গলায় পেচিয়ে ধরে রানা। পরে ক্ষুর দিয়ে সাইদুরকে গলা কেটে হত্যা করে তার মানিব্যাগ ও মোবাইল ফোন রেখে মাঠের পাশে সাইদুরের লাশ একটি বাথরুমের সেপটিক ট্যাংকে ফেলে দেয় রানা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাইদুরকে হত্যার পর পর্যন্ত তার প্রেমিকা ফোনে কথা বলছিল। হত্যার পর রানা ফোনের সংযোগ কেটে দেয়। এরপর সেই ফোনে তার সিমকার্ড ঢুকিয়ে একটি নম্বরে ৩০ সেকেন্ড কথা বলে। প্রেমিকার কথা এবং সেই ৩০ সেকেন্ডের কথার সূত্র ধরে মোবাইল ফোন ও নম্বর ট্র্যাক করেই রানাকে শনাক্ত করা হয়। রানা ঘটনার পর কসবা থেকে পালিয়ে যায়। তাকে শনাক্ত করার পরও তাকে আমাদের সন্দেহ হয়নি মনে করানোর জন্য অন্য একজনকে গ্রেফতার করা হয়। এতে সে ভয়মুক্ত হয়ে এলাকায় আসলে তাকে আমরা গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ ও অতিরিক্ত পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে