আগামী মাসের ১লা ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০১৭ অনুষ্ঠিত হবে দেশের বেসরকারী খাতের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রদর্শনী বেসিস সফটএক্সপো। ‘ফিউচার ইন মোশন’ স্লোগান নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এগারতম এ প্রদর্শনীর আয়োজন করছে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
এবারের সফটএক্সপোতে তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে অন্তত ২০টি সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানস্থলের মিডিয়া বাজার ও উইন্ডি টাউন হলে এসব সেমিনার অনুষ্ঠিত হবে।
এসব সেমিনারের মধ্যে রয়েছে – স্থানীয় কোম্পানির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, ডিজিটাল এডুকেশন ও ই-লার্নিং, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ইন্টারনেট অব থিংকস, অ্যাক্সেস টু ফিন্যান্স, ক্লাউড কম্পিউটিং, ডেটা নেটওয়ার্ক সিকিউরিটি, রফতানি বাজার উন্নয়ন, ডেভেলপিং ইনোভেশন ইকোসিস্টেম, ডিজিটাল সার্ভিস ডেলিভারি, আইটি মার্কেট রিসার্চ, কোয়ালিটি সার্টিফিকেশনসহ নানা বিষয়।
এসব সেমিনারে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, কর্মকর্তা, নীতিনির্ধারক, সংশ্লিষ্ট বিষয়ে দেশি-বিদেশি অভিজ্ঞ বক্তা ও আলোচকবৃন্দ উপস্থিত থেকে আলোচনা করবেন।
আগ্রহী যে কেউ অনুষ্ঠানস্থলে কিংবা অনলাইনের নিবন্ধন করে সেমিনারে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন। বেসিস সফটএক্সপোর ওয়েবসাইট http://softexpo.com.bd/visitor/registration ভিজিট করে আগ্রহীরা নিবন্ধন করতে হবে।
উল্লেখ্য, বিগত যেকোনো সফটএক্সপোর তুলনায় বর্ধিত পরিসরে ও নানা আয়োজনে বেসিস সফটএক্সপো ২০১৭ অনুষ্ঠিত হবে। বেসিসের সদস্য প্রতিষ্ঠানসহ দেড় শতাধিক প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে।



























