আন্তর্জাতিক রাজনীতিতে ২০১৯ সালজুড়ে সবচেয়ে আলোচিত ছিল বিভিন্ন দেশে কট্টরপন্থিদের উত্থান। বছরের শেষ দিকে সরকারবিরোধী প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়ে এশিয়া, আমেরিকা ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে। এতে সরকার পতনের ঘটনাও ঘটে। অন্যদিকে, চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ এবং ব্রেক্সিট জটিলতায় ব্রিটেনে আগাম নির্বাচন ছিল বছরের অন্যতম ঘটনা।
রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতে শুনানির মুখোমুখি হয় মিয়ানমার। দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি তার সরকারের পক্ষে সাফাই গাইতে উপস্থিত হন নেদারল্যান্ডসের হেগ শহরের আদালতে।ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণে সুপ্রিম কোর্টের রায় ও কাশ্মীরের স্বায়ত্বশাসন প্রত্যাহারে বিতর্কের মুখে পড়ে ভারত। বছরের শেষ দিকে নাগরিকত্ব আইন সংশোধনের জেরে দেশজুড়ে বিক্ষোভের মুখে পড়ে নরেন্দ্র মোদি সরকার।
শ্রীলঙ্কার রাজনীতির ইতিহাসে সবচেয়ে উত্থান-পতন ঘটেছে এ বছর। কয়েকদিনের ব্যবধানে দুই দফা প্রধানমন্ত্রী বদল, পার্লামেন্টে ধ্বস্তাধস্তির মতো ঘটনায় প্রশ্নের মুখে পরে দেশটির গণতন্ত্র।বৈদেশিক রিজার্ভের ঘাটতি কাটিয়ে উঠলেও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ পিছু ছাড়ছে না ইমরান খানের পাকিস্তানকে। অন্যদিকে, প্রতিবেশী দেশ আফগানিস্তানে সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনে বিপুল জয়ে ফের ক্ষমতায় ফেরেন মোহাম্মদ আশরাফ ঘানি।
স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে হংকং। বন্দি প্রত্যর্পণ বিল নিয়ে শুরু হওয়া বিক্ষোভ, এখন চীনের শাসন থেকে মুক্তির আন্দোলনে পরিণত হয়েছে।গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় উত্তর কোরিয়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করলেও এ বছর আবার পুরোনো পথেই হেঁটেছে পিয়ংইয়ং। মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানের জন্য এটি তৈরি করেছে নতুন অস্বস্তি।
বছরের শেষ দিকে বিক্ষোভের মুখে ইরাকসহ মধ্যপ্রাচ্যের চার দেশের সরকার পতন হয়েছে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং সীমান্তে কুর্দি দমনে তুরস্কের অভিযান ছিল বছরের অন্যতম আলোচিত ঘটনা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ছিলো হাসান রুহানির ইরান।
ডিসেম্বরের শেষ সপ্তাহে সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলার রায় হলেও তাতে নতুন করে প্রশ্নবিদ্ধ সৌদি আরবের পরবর্তী বাদশাহ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।সুদানকে ৩০ বছর শাসন করা প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতন হয় এ বছরের এপ্রিলে। দুর্নীতির অভিযোগ প্রমাণ হলেও বয়স বিবেচনায় দুই বছরের জন্য সংশোধনাগারে পাঠানো হয়েছে ৭৫ বছরের বশিরকে।
গোটা বছরজুড়েই দুই পরাশক্তি চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধে টালমাটাল ছিল বিশ্ব অর্থনীতি। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন ছিল বড় চমক।জ্বালানীর দাম বাড়ানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয় ফ্রান্সে। পুলিশের সহিংস আচরণে তা রূপ নেয় তীব্র আন্দোলনে। ইউরোপের আরেক দেশ ফিনল্যান্ডে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়েন ৩৪ বছরের সারা মেরিন।
ব্রেক্সিট প্রশ্নে অচলবস্থা অবসানের পথ দেখছে ব্রিটিশরা। আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে কনজারভেটিভ বরিস জনসন নির্বাচিত হওয়ায় ৩১ জানুয়ারির মধ্যেই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হতে পারে ব্রিটেন।
খবর- ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























