বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কখনও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র ও জনগণের কাছে পৌঁছানোর জন্যই বিএনপি সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেন মির্জা ফখরুল। এ সময় তিনি চলতি বছরটি বাংলাদেশে ফ্যাসিবাদের জয়ের বছর ছিল বলেও মন্তব্য করেন।তিনি বলেন, ২০১৯ সাল ছিল গণতন্ত্র হত্যা ও মানুষের অধিকারকে কেড়ে নেয়ার বছর। এ বছরে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তারা লাঞ্ছিত হয়েছেন। খালেদা জিয়ার সাজা বাড়ানো হয়েছে, হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। নতুন বছরে ছাত্রদলের নেতৃত্বে দেশে গণঅভ্যুত্থান হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এবার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভায় দুই প্রার্থীর হাতে মনোনয়ন তুলে দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে