সাত বছর পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন আজ। সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় এর উদ্বোধন করছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যাসিনো কাণ্ড ও চলমান শুদ্ধি অভিযানের প্রেক্ষাপটে দলের নীতিনির্ধারকরা বলছেন, এবার স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিরাই নেতৃত্বে।
মহানগর আওয়ামী লীগের সবশেষ সম্মেলন হয় ২০১২ সালের ২৭ ডিসেম্বর। এর ৩ বছর পর উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করা হয় নগরীকে। তবে দীর্ঘদিনেও কমিটি দিতে না পারায় প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে দক্ষিণ এবং ফারুক খানকে দেয়া হয় উত্তরের কমিটি সমন্বয়ের দায়িত্ব।২০১৬ সালে বিজ্ঞপ্তির মাধ্যমে উত্তরের সভাপতির পদে রহমত উল্লাহ ও সাদেক খানকে দেয়া হয় সাধারণ সম্পাদকের দায়িত্ব। দক্ষিণের সভাপতি হন আবুল হাসনাত আর শাহে আলম মুরাদ আসেন সাধারণ সম্পাদক পদে।তবে এবার পরিবর্তিত প্রেক্ষাপটে হচ্ছে সম্মেলন। ক্যাসিনো-কাণ্ডে গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা এনামুল হক ও রুপন ভূঁইয়ার নামের সঙ্গে আলোচনায় আসে নগর আওয়ামী লীগের শীর্ষ কজন নেতার নাম। তাই এবার স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্বে জোর দিচ্ছে হাইকমান্ড।
সোহরাওয়ার্দী উদ্যোনে সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে আসবে দুই মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম।আওয়ামী লীগ হাইকমান্ড আরও বলছে, বর্তমান কমিটিসহ পদপ্রত্যাশী সবার তথ্য সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














