জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ২০২০ সালে কলকাতায় অনুষ্ঠিতব্য বইমেলা উৎসর্গ করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে।
২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আর বছরকে ঘোষণা করা হয়েছে ‘মুজিববর্ষ’। ঢাকা ছাড়াও দিল্লি, কলকাতা ও আগরতলা, লন্ডন, নিউইয়র্ক, টোকিও ও মস্কোতে আয়োজন করা হবে পৃথক অনুষ্ঠান ।
মুজিববর্ষ আয়োজক কমিটির প্রধান কামাল আব্দুল নাসের দ্য হিন্দুকে বলেন, ২০২০ সালের কলকাতা বইমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে। এ সময় যৌথভাবে বই প্রকাশ ও সংবাদ সম্মেলনও হবে। এ ছাড়া আয়োজন করা হবে সেমিনার ও যৌথ প্রামাণ্যচিত্র। মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য উপস্থিত থাকবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























