২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তিনি এই আয়োজনে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু’কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

কলকাতায় বাংলাদেশী বই মেলার উদ্বোধন করে তিনি দ্য হিন্দু’কে আরো জানান, জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের বেশ কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদও উপস্থিত থাকবেন। তার মধ্যে ভারতের অনেক মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাকেও আমন্ত্রণ জানানো হবে। এছাড়া কলকাতা, আগরতলা, আসাম ও মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনগুলোতেও যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে বলেও জানিয়েছেন, সৈয়দ মোয়াজ্জেম আলী। এই আয়োজনে বিশ্বের কমপক্ষে শীর্ষ ৩০ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে অনেকেই আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তারা এই আয়োজনে অংশ নেবেন বলে জানিয়েছেন। তবে এই আয়োজনে প্রতিবেশী পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হবে না বলে জানানো হয়েছে।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির প্রেসিডেন্ট কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বাংলাদেশ এবং ভারতের পাশাপাশি লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও এবং মস্কোতেও বিভিন্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে