রাঘব-বোয়ালদের নথিতে আয়কর ফাঁকির গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। শিগগির তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আয়কর মেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ক্যাসিনোকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা। তাদের বাসা ও অফিসে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ ও অলঙ্কার। অভিযোগ আছে, অবৈধ ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি-টেন্ডারবাজিরর মাধ্যমে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন অনেকেই। এদের অনেকে অবৈধ অর্থ পাচার করেছেন বিদেশে।ক্যাসিনোকাণ্ডে জড়িত নেতা ও তাদের আত্মীয়সহ ৬০ জনের আয়কর ফাঁকি খতিয়ে দেখছে এনবিআর। অনেকের ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে, আবার অনেকের লেনদেন স্থগিত করা হয়েছে।এনবিআর চেয়ারম্যান জানান, বড় প্রতিষ্ঠানের কর ফাঁকি ঠেকাতে নতুন আইন করার চিন্তা করছে সরকার। জানান, প্রতিটি করপোরেট প্রতিষ্ঠানকে সরকার অনুমোদিত অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দিতে হবে। এক্ষেত্রে দুই প্রতিষ্ঠানেরই আয়কর নথি খতিয়ে দেখা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ নভেম্বর সারা দেশে শুরু হচ্ছে আয়কর মেলা। কর আদায়ে হয়রানি করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জানানো হবে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














