ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার স্পিকার রেবতী মোহন দাস বলেছেন, সীমান্ত হাটের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক আরো দৃঢ় হবে।
তিনি বলেন,‘বাংলাদেশ আমার জন্মভূমি। তাই বাংলাদেশের মানুষকে কাছে পেলে খুব আপন জন মনে হয়।’
রেবতী মোহন দাস শুক্রবার দুপুরে আখাউড়া সীমান্তের আর্ন্তজাতিক চেকপোষ্ট দিয়ে ঢাকায় যাওয়ার পথে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
তিনি ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদের উচ্চ পর্যায়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এই প্রতিনিধি দলে বিধানসভার এমএলএ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার সদস্যরা রয়েছেন।
চেকপোস্ট পেরিয়ে বাংলাদেশে ঢোকার পর তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং আমদানি রপ্তানীকারক সমিতির নেতারা।
ত্রিপুরাস্থ ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদের সভাপতি এবং ত্রিপুরা বিধান সভার সদস্য (এমএলএ) আশীষ কুমার সাহা জানান, ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদ নামে বাংলাদেশ এবং ত্রিপুরায় পৃথক দু’টি সংগঠন রয়েছে। বাংলাদেশের ওই সংগঠনের আমন্ত্রণে ৪ দিনের সফরে তারা বাংলাদেশে এসেছেন।
সফরকালে তারা বাংলাদেশের রাজধানী ঢাকায় এক যৌথ সভায় মিলিত হবেন।
এছাড়াও ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন এবং দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
তথ্যঃ বাসস
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ



























